৪৭, ৭১ ও ২৪-এর শহীদদের রক্তের সাথে যারা বেইমানী করবে তারা গাদ্দার:  বিয়ানীবাজারে জমিয়ত মহাসচিব


admin প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৫, ০১:১৫ /
৪৭, ৭১ ও ২৪-এর শহীদদের রক্তের সাথে যারা বেইমানী করবে তারা গাদ্দার:  বিয়ানীবাজারে জমিয়ত মহাসচিব

ডেস্ক রিপোর্ট : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন, “আমরা রাজনীতি করি ইসলামের জন্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও ইসলামের সুস্পষ্ট নীতিমালা রয়েছে। যারা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, তাদের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। আবার যারা ক্ষমতায় যাকেই ধর্মীয় রাজনীতি মনে করে, তারাও পথভ্রষ্ট।”

তিনি বলেন, “বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার দপ্তর স্থাপন করে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি করা হচ্ছে—এটি দেশবাসী মেনে নেবে না। ১৯৪৭ সালে দেশের স্বাধীনতা রক্ষায়, ১৯৭১ সালে স্বাধীনতার জন্য, আর ২০২৪ সালে ফ্যাসিবাদ উৎখাত করতে শহীদরা রক্ত দিয়েছেন। ৪৭, ৭১ ও ২৪-এর শহীদদের রক্তের সাথে যারা বেইমানী করবে তারা গাদ্দার।”

বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিয়ানীবাজারে সিলেট-৬ আসনের প্রার্থী পরিচিতি ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা আফেন্দি আরও বলেন, “আমরা দুর্নীতি ও লুটপাটের রাজনীতি দেখেছি। বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে বেগমপাড়া তৈরি হয়েছে। তাই সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে তরুণ আলেম হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে প্রার্থী করেছি। খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে, ইনশাআল্লাহ।”

সমাবেশে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়া। পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমি ও গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ।

উদ্বোধনী বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা শায়খ জিয়া উদ্দীন। প্রধান বক্তা ছিলেন সিলেট-৬ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার-১ আসনের প্রার্থী অধ্যক্ষ বদরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা দক্ষিণের সভাপতি মুফতি মুজিবুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট জেলা সহ-সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন, সিলেট জেলা সহ-সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বীর আহমদ, সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ, বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সভাপতি তোফায়েল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি নাইম আহমদ এবং বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি জাহিদ আহমদ।

সমাবেশ শেষে বিয়ানীবাজার উপজেলা সদরে খেজুর গাছ প্রতীকের পক্ষে এক বিশাল প্রচার মিছিল বের হয়।