

সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাড়তি সতর্কতা পালন করছে বেশকিছু রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। এসময় তাদেরকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করতেও দেখা গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানী ছাড়াও মানিকগঞ্জে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
এদিন সকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বেশকিছু পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের ওপর আবারও দমন-পীড়নের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শক্ত হাতে তাদের প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান জানান নেতারা।
নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। দুপুরে শহরের নিউমার্কেট মোড় থেকে মিছিল বের হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে নেতারা বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে মানুষের জানমালের ক্ষতি করছে আওয়ামী লীগ।
আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ করেছে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কলেজের শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে লালবাগে সমাবেশে বক্তারা বলেন, সময় এসেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের ও তাদের সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করার। একই সাথে শেখ হাসিনাসহ অন্যদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
এদিকে নাশকতা ঠেকাতে গাজীপুরের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা। সকাল থেকেই রাজধানীর প্রবেশপথ, টঙ্গী বাজার, কলেজ গেইট, চৌরাস্তাসহ মোড়ে মোড়ে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। সব ধরণের নাশকতা ঠেকাতে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :