নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় শমিত


admin প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ০৮:৫৬ /
নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় শমিত

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এএফসি বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় এসেছেন জাতীয় দলের ফুটবলার শমিত সোম।

মঙ্গলবার (১১ নভেম্বর) মধ্যরাতে কানাডা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন এই মিডফিল্ডার।

গত সোমবার কাভালরি এফসির হয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল খেলে ঢাকার উদ্দেশে রওনা হন শমিত। সেই ফাইনালে অবশ্য শেষ মুহূর্তে গোল হজম করে রানার্সআপ হয় শমিতের দল।

গত ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে এই মিডফিল্ডারের অভিষেক হয়। নিজের দ্বিতীয় ম্যাচেই হংকংয়ের বিপক্ষে গোলও পেয়েছেন তিনি।

আগামিকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।