আবারও সিলেটি নাটকে আলোড়ন — ‘হিন্দি জামাল ঘটক’ নিয়ে ফিরলেন বেলাল আহমদ মুরাদ


admin প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ১৮:৩৬ /
আবারও সিলেটি নাটকে আলোড়ন — ‘হিন্দি জামাল ঘটক’ নিয়ে ফিরলেন বেলাল আহমদ মুরাদ

আব্দুল্লাহ আল মাসুদ:

সিলেটি আঞ্চলিক নাট্য অঙ্গনে আবারও আলোড়ন তুলেছেন জনপ্রিয় নাট্যনির্মাতা ও অভিনেতা বেলাল আহমদ মুরাদ। দীর্ঘ ৭ বছর আগে তার নির্মিত জনপ্রিয় নাটক ‘হিন্দি জামাল’ সিলেটসহ দেশের নানা স্থানে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই নাটকের সংলাপ, অভিনয়, কৌতুক ও বাস্তব জীবনের ছোঁয়া দর্শক হৃদয়ে আজও গেঁথে আছে। সেই ধারাবাহিকতা ও দর্শকের চাহিদা থেকেই তিনি আবারও ফিরেছেন নতুন চমক ‘হিন্দি জামাল ঘটক’ নিয়ে।

 

নাটকটি সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭:৩০ মিনিটে গ্রীন বাংলা ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়। প্রকাশের পরপরই নাটকটি পায় বিপুল সাড়া। অল্প সময়েই হাজারো ভিউ, লাইক ও মন্তব্যে ভরে ওঠে নাটকের ভিডিওটি। দর্শকদের অনেকেই মন্তব্যে লেখেন — “পুরনো হিন্দি জামালকে আবার ফিরে পেলাম”, “এমন নাটকই আমাদের সংস্কৃতি তুলে ধরে” “বেলাল আহমদ মুরাদ মানেই ভিন্ন কিছু”।

 

‘হিন্দি জামাল ঘটক’ নাটকে সিলেটি ভাষার স্বাভাবিক উচ্চারণ,হালকা হিন্দির মিশ্রণ”  রসবোধ ও আঞ্চলিক সংস্কৃতির বাস্তব উপস্থাপন দর্শকদের কাছে নতুন মাত্রা এনে দিয়েছে। নাটকের সংলাপগুলো যেমন হাসির খোরাক জুগিয়েছে, তেমনি এর ভেতর দিয়ে সমাজের বাস্তব চিত্র ও নানা সামাজিক বার্তাও ফুটে উঠেছে।

 

স্থানীয় নাট্যপ্রেমীরা মনে করছেন, বেলাল আহমদ মুরাদের এই নতুন উদ্যোগ সিলেটি আঞ্চলিক নাটকের জনপ্রিয়তাকে আরও সমৃদ্ধ করবে। তারা বলছেন, “এমন নাটকগুলো আমাদের সংস্কৃতির পরিচয় বহন করে এবং স্থানীয় ভাষার মর্যাদা বাড়ায়।”

 

সাম্প্রতিক বছরগুলোতে ইউটিউবের মাধ্যমে সিলেটি আঞ্চলিক নাটকের প্রসার ব্যাপকভাবে বেড়েছে। এই ধারায় ‘হিন্দি জামাল ঘটক’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নাটকটি শুধু সিলেট নয়, প্রবাসী সিলেটিদের মাঝেও দারুণ সাড়া ফেলেছে।

 

সব মিলিয়ে বলা যায়, ‘হিন্দি জামাল ঘটক’ দিয়ে বেলাল আহমদ মুরাদ আবারও প্রমাণ করলেন, তিনি শুধু একজন নির্মাতা নন, সিলেটি নাট্যজগতের এক প্রাণবন্ত শিল্পী, যিনি স্থানীয় সংস্কৃতিকে দেশের মূলধারায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।