

নিউজ ডেস্ক:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মিষ্টির দোকানে ওজনে কম দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার সন্দলপুর ও কালিয়ারভাঙা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কালিয়ারভাঙা গ্রামের সাদমান আহমেদ ইমন সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনতে যান। এ সময় ওজনে মিষ্টি কম দেয়া নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
পরে ঘটনাটি নিয়ে সাদমান তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। এর জের ধরে রাত ৭টার দিকে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা টর্চলাইট জ্বালিয়ে চলা ওই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।”
আপনার মতামত লিখুন :