সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন গণঅধিকার পরিষদের নেতা,থানা লিখিত অভিযোগ,


admin প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ১৯:৩৯ /
সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন গণঅধিকার পরিষদের নেতা,থানা লিখিত অভিযোগ,

অনলাইন ডেস্ক:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গণঅধিকার পরিষদের এক নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে প্রলোভন দেখিয়ে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী গ্রামের গণঅধিকার পরিষদের নেতা ইয়াসিন আহমেদ (৩৫) পাথারিয়া ইউনিয়নের জাহানপুর গ্রামের প্রবাসী হেলাল আহমেদের স্ত্রী সুমাইয়া আক্তারকে নিয়ে উধাও হয়েছেন।

প্রবাসী হেলালের পিতা নুর আলী অভিযোগে উল্লেখ করেন, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর তাদের ছেলে হেলাল আহমেদের সঙ্গে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। কাবিনে ৩ লাখ টাকা মহর ধার্য করা হয়। বিয়েতে মেয়েকে ২৫ হাজার টাকার সোনার আংটি ও ৮০ হাজার টাকার পোশাকসহ উপহার দেওয়া হয়।

বিয়ের কয়েকদিন পর সুমাইয়া তার বোন সুমি আক্তারের সঙ্গে সিলেটে যান। সেখান থেকে ইয়াসিন আহমেদ তাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন বলে অভিযোগে বলা হয়েছে। প্রবাসে থাকা স্বামী হেলাল আহমেদ স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ব্যর্থ হন। পরবর্তীতে ইয়াসিন নিজেই ফোন রিসিভ করে সুমাইয়াকে নিজের স্ত্রী বলে দাবি করেন এবং হেলালকে আর যোগাযোগ না করার হুমকি দেন।

বাদী আরও অভিযোগ করেন, গত ৭ অক্টোবর সিলেট থেকে পালিয়ে ইয়াসিনের সঙ্গে বিয়ে করেন সুমাইয়া। বিয়ের ভিডিও ধারণ করে তা প্রবাসী হেলালের মোবাইলে পাঠানো হয়। এতে প্রতারণার মাধ্যমে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় নুর আলী জানান, এখন বিবাদীরা তাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইয়াসিন আহমেদের পিতা বলেন, “আমার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে, তবে তার বিচার হওয়া উচিত।”

ঘটনার বিষয়ে শান্তিগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন আহমেদ বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”