গোলাপগঞ্জে চাচার বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ ভাতিজার


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৭:৫৬ /
গোলাপগঞ্জে চাচার বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ ভাতিজার

গোলাপগঞ্জে প্রবাসী ভাতিজার জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দিয়েছেন ওই প্রবাসী।

অভিযুক্ত চাচার নাম আফতাবুল ইসলাম জবর। তিনি দক্ষিণ সুরমার রাখালগঞ্জ এলাকার দৌলতপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

অভিযোগকারী আব্দুল মুমিন ফয়েজ আফতাবুল ইসলামের আপন ভাই মৃত মো. নুরুল ইসলামের ছেলে।

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গোলাপগঞ্জের লক্ষিপাশা মৌজার জে এল নং ৪৭৪৪ ও খতিয়ান নং ১৮৪১ থেকে ১৮৪৪ পর্যন্ত জমির দলিল সূত্রে বৈধ মালিক আব্দুল মুমিন ফয়েজ ও তার ভাই বোন। কিন্তু তার চাচা আফতাবুল ইসলাম জবর জোরপূর্বক এই সম্পত্তি দখলের অপচেষ্টা করছেন। তিনি বর্গাচাষীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। গত ২৫ আগস্ট জমিতে প্রবেশ ও ভাঙচুরের চেষ্টা চালান। তিনি এ ব্যাপারে আইনী প্রতিকার চেয়েছেন।

ফয়েজ তার অভিযোগে আরও উল্লেখ করেন, তার মা দেশে থাকতে চাচা জবর এনিয়ে কোনো কথা না বললেও তার যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগে তিনি এখন জমি দখলের জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মনিরুজ্জামান মোল্যা জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা কাজগপত্র দেখে আইনী পদক্ষেপ গ্রহণ করবো। সেক্ষেত্রে কে কোন দলের নেতা- এসব বিবেচনা করা হবেনা। অভিযোগটি তদন্তের দায়িত্ব পেয়েছেন গোলাপগঞ্জ থানাপুলিশের এসআই আনন্দ।

সিলেটভিউর সাথে আলাপকালে তিনি বলেন, তদন্ত কাজ চলছে। আমি সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগকারীর কাগজপত্রও দেখেছি। তবে অভিযুক্ত তার কাগজপত্র নিয়ে রবিবার থানায় আসার কথা ছিল। সেখানে দু’পক্ষের কাগজপত্র দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা। তবে অভিযুক্ত আফতাবুল ইসলাম জবর তার কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তর থেকে উত্তোলন করতে না পারায় তিনি আরও কয়েকদিন সময় চেয়েছেন। তাকে সেই সময় দেওয়া হয়েছে। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে কাগজপত্র দেখে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবো।

এদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী ফয়েজের এক আত্মীয় নাম না প্রকাশ করার শর্তে সিলেটভিউকে জানান, তার কোনো কাগজপত্র নেই। তিনি বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছেন। এমনকি বাড়িতে অবস্থানরত তার অন্যান্য ভাইয়ের পরিবারের লোকজনও তার ভয়ে রীতিমতো তটস্ত। তারা সত্য জানলেও জবরের ভয়ে মুখ খুলছেন না।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আফতাবুল ইসলাম জবর। সিলেটভিউর সাথে আলাপকালে তিনি বলেন, এই জমির মালিক আমি। আমার বৈধ কাগজপত্র আছে। আপনি চাইলে এখন প্রিন্ট পর্চা দেখতে পারেন। কাগজপত্র তুলতে না পারায় রবিবার আমরা থানায় বসতে পারিনি। সময় নিয়েছি। কাগজপত্র তুলে খুব তাড়াতাড়ি আমি থানাপুলিশের সাথে বসব।