

উদ্বেগ-উৎকন্ঠায় নিহতের পরিবার
সিলেটের গোলাপগঞ্জে যুবদলের সক্রিয়কর্মী জসিম আহমদ রনিকে (৩০) প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করার ১৯দিন প্রেরিয়ে গেলেও পুলিশ এখনও ঘাতক সাবেক পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজুকে গ্রেফতার করতে পারেনি। এদিকে ঘাতক রাজু হত্যা করার ঘটনা নিজে থেকে একাধিকবার সামাজিক যোগাযোগ ফেসবুকে স্বীকার করে বলেন তার সাথে আরো অনেক জড়িত রয়েছেন এবং জড়িতদের নাম প্রকাশও করেছেন। ঘাতক রাজু আহমদের কাছে রনি হত্যার অপর জড়িতদের অনেক তথ্য রয়েছে বলে সামাজিক যোগাযোগ ফেসবুকে তুলে ধরেছেন।
খুনি রাজু সামাজিক যোগযোগ মাধ্যমে রনিকে হত্যার চাঞ্চল্যকর তথ্য দেয়ার পরও পুলিশ হত্যাকারী মোস্তাফিজুর রহমান রাজুসহ জড়িতদের আটক করতে না পারায় নিহতের পরিবার রয়েছেন উদ্বেগ-উৎন্ঠার মধ্যে। এ নিয়ে উপজেলা জুড়েও শুনা যাচ্ছে নানা গুঞ্জন।
এদিকে নিহতের ভাই ও মামলার বাদি মোঃ বাহার উদ্দিন অভিযোগ করেছেন পুলিশের নীরবতা ও অসহযোগীতার কারণে খুনিসহ জড়িতদের গ্রেফতার করা হচ্ছে না। বার বার থানায় গিয়েও অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান মোল্লা ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সাঈদের কাছে গিয়ে ধরণা দিতে দিতে তিনি ক্লান্ত। হত্যাকারীদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগীতা ও অনমনীয়তায় রীতিমতো হতাশ নিহতের পরিবার এ অভিযোগ মামলার বাদি বাহার উদ্দিনের। তিনি আরো অভিযোগ করে এ প্রতিবেদককে জানান, আমার ভাই রনির হত্যার মামলা নিয়ে চলছে নানা নাটকিয়তা। আদৌও কি নিহত জসিম আহমদ রনির হত্যার বিচার পাবেন তা নিয়ে নানা প্রশ্ন নিহতের পরিবারে ঘুরপাক খেলেও গ্রেফতার করা হচ্ছে না ঘাতকসহ জড়িতদের। নিহতের পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার প্রতি দৃষ্টি কামনাসহ হত্যা মামলার প্রধান আসামিসহ জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।
এদিকে গোলাপগঞ্জ মডেল থানার ওসি জানিয়েছেন আসামি গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরী আসামি গ্রেফতার করতে পারবেন বলে তিনি আশাবাদি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যার সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককে জানান, আসামি আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আশাবাদী শিগগিরী আসামি গ্রেফতার করা হবে।
প্রসঙ্গত, ফেসবুকে বন্ধুর পরকীয়া প্রেমের ঘটনা ও বন্ধুর পরকীয়া প্রেমের প্রেমিক-প্রেমিকার আপত্তিকর ছবি পোস্ট দেয়াকে কেন্দ্র করে রবিবার (১০ আগস্ট) দিবাগত রাত অনুমান ১:৩০ মিনিটের সময় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা সদরের গোলাপগঞ্জ মডেল থানা সংলগ্ন উপজেলা খাদ্য গুদামের পাশে পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু তারই বন্ধু ও পৌর যুবদলের সক্রিয়কর্মী জসিম আহমদ রনিকে আক্রমণ করে প্রকাশ্যে বুকে ও গলাসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা জসিম আহমদ রনিকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খুনি রাজু আহমদ উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের বাবুল আহমদের ছেলে। নিহত জসিম আহমদ রনি একই উপজেলার পশ্চিম আমুড়া ইউপির আমুড়া উত্তরপাড়া গ্রামের আজির উদ্দিনের ছেলে। নিহত জসিম আহমদ রনি উপজেলা সদর সংলগ্ন কদমগাছতলা এলাকায় ভাড়াটিয়া বাসায় থাকতেন। নিহত রনি ১ ছেলে ও ১ মেয়েসহ ২ সন্তানের জনক ছিলেন।
উক্ত হত্যার ঘটনায় নিহত জসিম আহমদ রনির বড়ভাই মোঃ বাহার উদ্দিন বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মোঃ বাবুল আহমদের ছেলে ঘাতক মোস্তাফিজুর রহমান রাজু ও বিয়ানীবাজার উপজেলার ঢেউনগর গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে এবং ঘাতক রাজুর পরকীয়া প্রেমিক তানজিদা সুলতানা ইমাসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামি করে মামলা নং-১২ দায়ের করেন। হত্যার ঘটনার ১৯ দিন প্রেরিয়ে গেলেও পুলিশ এখনও প্রধান খুনিসহ জড়িতদের আটক করতে না পারায় নিহতের পরিবার পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়ে হতাশায় রয়েছেন।
আপনার মতামত লিখুন :