মীরগঞ্জের স্বাদের জাদু “প্রসিদ্ধ মিষ্টিঘর-”পংকজ এন্ড দিপলু”


admin প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৫, ২৩:৫৮ /
মীরগঞ্জের স্বাদের জাদু “প্রসিদ্ধ মিষ্টিঘর-”পংকজ এন্ড দিপলু”

গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজার। কুশিয়ারা নদীর তীর ঘেঁষে বসা এই বাজারের খ্যাতি শুধু নদী আর নৌযাত্রায় নয়, আছে আরেকটি আলাদা টান।একটি অচেনা অথচ প্রসিদ্ধ মিষ্টিঘর ”পংকজ এন্ড দিপলু”। টিনের চালায় তৈরি ছোট্ট দোকানটি বাইরে থেকে দেখলে কিছুই বোঝার উপায় নেই। নেই কোনো সাইনবোর্ড, নেই কৃত্রিম আলো কিংবা ঝলমলে সাজ। বনফুল, পিউরিয়া কিংবা রাজমহলের মতো চকচকে মিষ্টির দোকানের সঙ্গে তুলনা করলে এটি সম্পূর্ণ বিপরীত—সাদামাটা, অপ্রসাধিত, নির্লিপ্ত।

ভেতরে ঢুকলে কয়েকটি টেবিল আর দু-তিনটা লম্বা বেঞ্চ। কোনায় কারিগর আপন মনে জিলাপি ও মিষ্টি বানিয়ে যাচ্ছেন। বাজারে তখন সবেমাত্র রাজনৈতিক দলের এক পথসভা জমে উঠেছে। তবুও দোকানের ভেতরে বসা মানুষজনের কারো সেদিকে ভ্রুক্ষেপ নেই। যেন এখানে সময় থমকে আছে শুধু স্বাদের জগতে।

দোকানের জানালা দিয়ে চোখ মেলে তাকালেই দেখা যায় নদীর বুকে বহমান কুশিয়ারা। ওপারে যাত্রী বোঝাই ইঞ্জিন নৌকা পাড়ি দিতে প্রস্তুতি নিচ্ছে। একসময় এ পারাপারের একমাত্র ভরসা ছিল হাত চালিত বারকি নৌকা। সেই স্মৃতি ভেসে আসে নদীর ঢেউয়ের তরঙ্গে।

কিন্তু এই দোকানের মূল আকর্ষণ নদী নয় বরং এর মিষ্টি। মুখে দিয়েই মনে হলো, যেন ফিরে এসেছে দুই দশক আগের রসগোল্লার স্বাদে। এমন স্বাদ এখন আর পাওয়া যায় না শহরের আলো-ঝলমলে আধুনিক দোকানে। সাদামাটা পরিবেশে অনাড়ম্বর সাজে লুকিয়ে আছে এক অনন্য স্বাদের জাদু। মীরগঞ্জের এই মিষ্টিঘর তাই শুধু একটি দোকান নয় হয়ে গেলো এক টুকরো সময়ের ভ্রমণ। এখানে বসে মিষ্টি খেতে খেতে মনে হয়, হয়তো শহরের চকচকে আলো অনেক কিছু দেয় কিন্তু সেই হারিয়ে যাওয়া রসগোল্লার স্বাদ ফেরাতে পারে না।

৥অনলাইন থেকে নেওয়া।