বাড়ছে নদ-নদীর পানি, শঙ্কায় সিলেটবাসী


admin প্রকাশের সময় : মে ২২, ২০২৫, ১৮:১১ /
বাড়ছে নদ-নদীর পানি, শঙ্কায় সিলেটবাসী

বৈরী আবহাওয়া পাহাড়ি ঢল এবং উজানের অতিভারী বর্ষণে পানি বৃদ্ধি পাচ্ছে সিলেটের নদ-নদীতে। বুধবার (২১ মে) রাত থেকে বৃহস্পতিবার (২২ মে) সকাল পর্যন্ত টানা বর্ষণের ফলে সিলেট বিভাগের সকল নদ-নদীর পানি স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, তবে এখন পর্যন্ত সিলেটের কোনো নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি।

পাউবো’র তথ্যমতে, বুধবার (২১ মে) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২০ মে) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের প্রত্যেকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি ১ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ৩ সেন্টিমিটার, সিলেটের জকিগঞ্জের আমলশীদ পয়েন্টে কুশিয়ার নদীর পানি ৩৩ সেন্টিমিটার, বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে ৩৫ সেন্টিমিটার, গোয়াইনঘাট পয়েন্টে সারিগোয়াইন নদীর পানি ১৬ সেন্টিমিটার, ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি ৩ সেন্টিমিটার, শেরপুর পয়েন্টে কুশিয়ার নদীর পানি ৭৯ সেন্টিমিটার, দিরাই পয়েন্টে সুরমা নদীর পানি ৮ সেন্টিমিটার, মনুরেলব্রিজ পয়েন্টে মনু নদীর পানি ২১৫ সেন্টিমিটার, মৌলভীবাজার পয়েন্টে মনু নদীর পানি ২৫৯ সেন্টিমিটার, কমলগঞ্জ পয়েন্টে ধলাই নদীর পানি ৪৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, সিলেটের গোয়াইনঘাটের জাফলং পয়েন্টে  পিয়াইন নদীর পানি ১৩ সেন্টিমিটার, জৈন্তাপুরের সারিঘাট পয়েন্টে সারিগোয়াইন নদীর পানি ৫ সেন্টিমিটার, সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ১ সেন্টিমিটার, শক্তিয়ারখোল পয়েন্টে যাদুকাটা নদীর পানি ৩৬ সেন্টিমিটার কমছে বলেও জানায় পানি উন্নয়ন বোর্ড।

এদিকে হঠাৎকরে মৌলভীবাজারে মনু নদীর পানি দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে। মৌলভীবাজার পয়েন্টে মনু নদীর পানি ২৫৯ সেন্টিমিটার, মনুরেলব্রিজ পয়েন্টে মনু নদীর পানি ২১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। হঠাৎ পানি বৃদ্ধির ফলে স্থানীয় এলাকার জনসাধারণ চরম শঙ্কায় রয়েছেন বলেও জানা যায়।

আবহাওয়া অফিস সূত্র জানায়, বুধবার (২১ মে) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২০ মে) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট শহরে ১২৪ মিলিমিটার, কানাইঘাট উপজেলায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আগামী ২৪ ঘন্টায় সিলেটে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেটের সুরমা-কুশিয়ারা অববাহিকার সকল নদ-নদীর পানি স্বাভাবিকভাবে বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে এখন পর্যন্ত কোনো নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নি। আগামী কিছু দিনও এই নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেটের আকাশে এখনো মেঘ জমে আছে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘন্টায় সিলেটে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হতে পারে। এবং আগামী তিন দিন (৭২ ঘন্টাও) সিলেটে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।