

সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ৬ নিখোঁজ তরুণকে টেকনাফের দুর্গম পাহাড় থেকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৫ দিন পর টেকনাফ থানা পুলিশের অভিযানে রাজার ছড়া এলাকার একটি পাহাড়ি স্থান থেকে আজ (২২ এপ্রিল) বিকেলে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তরুণরা হলেন – মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুল আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), ছফর উদ্দিনের ছেলে খালেদ আহমদ (১৯) ও মৃত সরবদি’র ছেলে আব্দুল জলিল (৪০)।
তারা সবাই রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে গত ১৫ এপ্রিল বিকাল ৩টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। কক্সবাজার পৌঁছানোর পরপরই তাদের সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে গত ১৯ এপ্রিল জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় নিখোঁজের বিষয়ে।
নিখোঁজ হওয়ার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠা। পরিবারগুলোর মধ্যে নেমে আসে শোকের ছায়া। ধারণা করা হচ্ছিল তারা কোনো অপরাধচক্র বা পাচারকারীর খপ্পরে পড়তে পারে। কিন্তু পুলিশের তৎপরতায় অবশেষে তারা উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে আসে।
নিখোঁজ এমাদের ভাই বাহার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমার ভাইসহ সবাই সুস্থ আছে, আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।”
এদিকে, নিখোঁজ তরুণদের উদ্ধার হওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। জকিগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে এই খবর ছড়িয়ে পড়লে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশের প্রতি।
এই ঘটনায় যারা সহযোগিতা করেছেন — সেই সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের, পুলিশ প্রশাসনকে, এবং ফেসবুক ইউজারসহ সাধারণ জনগণকে কৃতজ্ঞতা জানিয়েছেন নিখোঁজদের পরিবার।
আপনার মতামত লিখুন :