গোলাপগঞ্জে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার


admin প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ০৯:৪৮ /
গোলাপগঞ্জে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোলাপগঞ্জে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।
সোমবার (৭ জুলাই) র‍্যাব-৯, সিলেটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৯ সদর কোম্পানির একটি আভিযানিক দল সোমবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় এলাকার একটি জঙ্গলে দেশীয় অস্ত্র মজুদ থাকতে পারে। পরে রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান, ২টি রামদা ও ১টি ছোরা উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে র‍্যাব-৯ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত সাধারণ ডায়েরি (জিডি) মূলে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও সন্ত্রাস, অবৈধ অস্ত্র এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।