কারিগরি ক্রুটিতে দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং


admin প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ১৬:০৮ /
কারিগরি ক্রুটিতে দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমে গেছে। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে মন্ত্রী জানান, একটি বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে কয়লা সরবরাহ ব্যাহত হওয়ায় আরেকটি কেন্দ্র থেকেও বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, দুটি কেন্দ্র বন্ধ থাকায় জাতীয় গ্রিডে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে। এর প্রভাব হিসেবে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও এর প্রভাব পড়তে পারে।

তবে পরিস্থিতি সাময়িক উল্লেখ করে মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দুই দিনের মধ্যে সমস্যার সমাধান হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে।

সংসদে তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান-এর সঙ্গে আলোচনা হয়েছে। জাতীয় এই পরিস্থিতি মোকাবিলায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

মন্ত্রী অবশ্য কোন দুটি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানাননি।