হাফিজ নাঈমের সাজা বাতিলের দাবিতে জালালাবাদ ইমাম সমিতির মানববন্ধন


admin প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ১৫:১২ /
হাফিজ নাঈমের সাজা বাতিলের দাবিতে জালালাবাদ ইমাম সমিতির মানববন্ধন

ফ্যাসিবাদী শাসনামলে দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় হাফিজ সৈয়দ নাঈম আহমদকে মৃত্যুদণ্ড প্রদানের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) নগরীর কোর্টপয়েন্টে জালালাবাদ ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সমিতির মহানগর সভাপতি হাফিজ মাওলানা মুফতি রশিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবেক রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টার এই মামলাটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক পরিচয়ের কারণে অন্য আসামিদের এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হলেও কেবল আলেম হওয়ার কারণে কোনো সুনির্দিষ্ট সাক্ষী ছাড়াই হাফিজ মাওলানা নাঈম আহমদকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী আমলের এই রায় ন্যায়বিচারের পরিপন্থী। সাধারণ জনগণ এই রায়কে প্রত্যাখ্যান করেছে। তারা অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে হাফিজ নাঈম আহমদকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন— রাজনীতিবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুস সুবহান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুফতি সাঈদ আহমদ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সৈয়দ সালিম কাসেমী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, মুফতি মাওলানা মাহফুজ আহমদ, হাফিজ মাওলানা আব্দুল হামীদ, মাওলানা ইবরাহীম আলী, মাওলানা ইসমত উল্লাহ, মাওলানা আফতাবুজ্জামান, মাওলানা আব্দুল মতিন, মাওলানা নুরুল ইসলাম সুরাইঘাটী এবং মাওলানা ফখর উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে হাফিজ নাঈম আহমদের মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।