গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ী কর্তৃক অস্ত্র দিয়ে জখমের ঘটনায় ৩ জন গ্রেফতার


admin প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ০৯:৪৫ /
গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ী কর্তৃক অস্ত্র দিয়ে জখমের ঘটনায় ৩ জন গ্রেফতার

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার টিকরবাড়ী এলাকায় মাদক ব্যবসায়ী জামিল কর্তৃক  যুবক জাকির হোসেন (২৩)-কে অস্ত্র দিয়ে জখম করার ঘটনায় দায়েরকৃত মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিকরবাড়ী এলাকার বাসিন্দা জাকির হোসেন মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে জামিল আহমদ নামের এক মাদক ব্যবসায়ী আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর আহত জাকির হোসেনের পিতার  লিখিত অভিযোগের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- টিকরবাড়ী গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে জামাল আহমদ (৪৫), তার ছেলে সাব্বির আহমদ (২৫) এবং সাদিক আহমদ (২২)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনার পর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করেছে। মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দ্রুত সকল অভিযুক্তকে আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। ঘটনাটি নিয়ে এলাকায় এখনও আলোচনা চলছে এবং পরিস্থিতি বর্তমানে পুলিশের নজরদারিতে রয়েছে।