

যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে উপলক্ষে নবদম্পতিদের দেখতে উৎসুক মানুষের ভিড়
টাঙ্গাইলের ভূঞাপুরে ব্যতিক্রমধর্মী এক বিয়েকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে হওয়ায় বিয়ে বাড়িতে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।
বুধবার (১৭ জুন) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের যমজ দুই মেয়ে সুমাইয়া আক্তার ও সোনিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, লক্ষীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের মো. নুরুল আলমের যমজ দুই ছেলে মো. আব্দুর রাজ্জাক ও মো. আব্দুল জব্বারের সঙ্গে তাদের বিয়ে হয়। দুই বরই দুবাই প্রবাসী। তিন লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ নবদম্পতিদের এক নজর দেখতে বিয়ে বাড়িতে ভিড় করেন। কেউ দাওয়াত পেয়ে, আবার কেউ দাওয়াত ছাড়াই এই বিরল বিয়ের সাক্ষী হতে আসেন।
স্থানীয়দের ভাষ্য, এ ধরনের বিয়ে সচরাচর দেখা যায় না। তাই অনেকেই আগ্রহ নিয়ে বিয়ে দেখতে এসেছেন। পাশাপাশি নবদম্পতিদের সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়াও করছেন।
যমজ দুই ভাই জানান, ছোটবেলা থেকেই তারা একসঙ্গে বেড়ে উঠেছেন। তাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল যমজ দুই বোনকে বিয়ে করার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে তথ্য আদান-প্রদানের একপর্যায়ে যমজ দুই বোনের সন্ধান পান তারা। অবশেষে সেই ইচ্ছা পূরণ হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।
যমজ দুই মেয়ের চাচা রফিকুল ইসলাম মনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় এক শিক্ষকের সহায়তায় এই সম্বন্ধটি হয়। দুই ভাতিজিই আসন্ন এইচএসসি পরীক্ষার্থী, আর দুই পাত্র পড়াশোনা শেষ করে বর্তমানে প্রবাসে কর্মরত। তিনি বলেন, “আল্লাহ তাআলা তাদের জুটি মিলিয়ে দিয়েছেন। আমরা সবাই খুব খুশি।”
যমজ দুই ছেলের বাবা মো. নুরুল আলম বলেন, “যমজ দুই ছেলের জন্য যমজ দুই পুত্রবধূ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। তাদের জন্য সবার কাছে দোয়া চাই।”
আপনার মতামত লিখুন :