মাত্র ৪ দিনে বিচারকার্য শেষ, রামিসা হত্যা মামলার রায় রোববার


admin প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ০৮:৩৬ /
মাত্র ৪ দিনে বিচারকার্য শেষ, রামিসা হত্যা মামলার রায় রোববার

মাত্র ৪ দিনে বিচারকার্য শেষ, রামিসা হত্যা মামলার রায় রোববার
ডেস্ক রিপোর্ট :  রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম মাত্র চার কার্যদিবসে সম্পন্ন হয়েছে। মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আগামী রোববার (৭ জুন) রায় ঘোষণার দিন ধার্য করেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার পর আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে বিচারক রায়ের জন্য দিন নির্ধারণ করেন। এর মাধ্যমে আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
সকাল ৯টার দিকে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে আনা হয়। মামলাকে ঘিরে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বুধবার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে সোহেল রানা আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করলেও একপর্যায়ে ক্ষমা প্রার্থনা করেন। অপর আসামি স্বপ্না আক্তারও নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, সাক্ষ্য-প্রমাণ, ফরেনসিক আলামত ও অন্যান্য তথ্যের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ তাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কালিমুল্যাহ জানান, ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামি পরীক্ষা শেষে যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়েছে।
মামলায় মোট ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। নিহত শিশুর বাবা-মা, বড় বোন, প্রতিবেশী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আদালতে সাক্ষ্য দেন। তদন্তে জব্দ করা বিভিন্ন আলামতও আদালতে উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, গত ১৯ মে মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। পরে প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকেও আটক করা হয়। ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক আলামতের ভিত্তিতে তদন্ত শেষে গত ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
এখন বহুল আলোচিত এ মামলার রায়ের অপেক্ষায় রয়েছে নিহত রামিসার পরিবারসহ সারা দেশ।