

সদ্য সমাপ্ত মার্চ মাসে সিলেটে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
মার্চ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঢাকা বিভাগে। সেখানে ১৬০টি সড়ক দুর্ঘটনায় ১৭০ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন। আর সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে বরিশাল বিভাগে। ওই বিভাগে ৩০টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, মার্চে সারা দেশে ৬১৬টি সড়ক দুর্ঘটনায় মোট ৬১৯ জন নিহত এবং ১৫৪৮ জন আহত হয়েছেন। সড়কে দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৯ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৫৭ জন চালক, ৯০ জন পথচারী, ১৭ জন পরিবহন শ্রমিক, ৬৮ জন শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক, ৭৮ জন নারী, ৮৬ জন শিশু, ৩ জন চিকিৎসক, ৪ জন সাংবাদিক, ১ জন বীর মুক্তিযোদ্ধা, ১ জন আইনজীবী, ৩ জন প্রকৌশলী এবং ১৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বলে জানা গেছে।
একই মাসে রেলপথে ৪৫টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ২২৯ জন আহত হয়েছেন। নৌ-পথে ৯টি দুর্ঘটনায় ৯ জন নিহত, ১৯ জন আহত ও ৩ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৬৭০ টি দুর্ঘটনায় ৬৮২ জন নিহত এবং ১৭৯৬ জন আহত হয়েছে। এই সময়ে ২২২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩৭ জন নিহত ও ১৯৭ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৬.০৩ শতাংশ, নিহতের ৩৮.৬১ শতাংশ ও আহতের ১২.৭২ শতাংশ।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এই মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৪০.৯০ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০.০৩ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২২.০৭ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫.৫১ শতাংশ ঢাকা মহানগরীতে, ০.৪৮ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০.৯৭ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।
আপনার মতামত লিখুন :