

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বটতলা এলাকায় গ্র্যান্ড সুলতান রিসোর্টের এক নারী কর্মীকে অপহরণের চেষ্টার ঘটনায় একটি প্রাইভেটকারসহ চার যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বটতলা এলাকার গ্র্যান্ড সুলতান রিসোর্টে কর্মরত এক নারী স্টাফ প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা এলাকায় রাস্তার পাশে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি প্রাইভেটকারে করে চার যুবক সেখানে এসে ওই নারীকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে।
এসময় নারীটি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের এগিয়ে আসতে দেখে অভিযুক্ত যুবকেরা পরিকল্পনা ভেস্তে যেতে পারে বুঝতে পেরে দ্রুত প্রাইভেটকার নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার সিলেট এলাকা থেকে ওই প্রাইভেটকারসহ চার যুবককে আটক করা হয়।
স্থানীয়রা জানান, জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :