মেলা বন্ধ না হলে সড়ক ব্যারিকেডের হুঁশিয়ারি গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির


admin প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ১৯:০৪ /
মেলা বন্ধ না হলে সড়ক ব্যারিকেডের হুঁশিয়ারি গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির

স্টাফ রিপোর্টার:

গোলাপগঞ্জে আয়োজিত ৩ দিনব্যাপী ঈদুল ফিতর এক্সিবিশনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বণিক সমিতির নেতৃবৃন্দ জানান, ঈদকে সামনে রেখে বাজার এলাকায় এ ধরনের এক্সিবিশন বা মেলা বসানো হলে স্থায়ী দোকানদারদের ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়ে। বাইরের ব্যবসায়ীরা অস্থায়ী স্টল বসিয়ে পণ্য বিক্রি করলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন।

তাদের অভিযোগ, এমন একটি আয়োজনের আগে বাজারের ব্যবসায়ী সংগঠন বা বণিক সমিতির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ তৈরি হয়েছে।
ব্যবসায়ী নেতারা প্রশাসনের কাছে দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত মেলা বন্ধের ব্যবস্থা না নেওয়া হলে ব্যবসায়ীরা আন্দোলনে নামতে বাধ্য হবেন এবং প্রয়োজনে সড়ক ব্যারিকেড দিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।

এ বিষয়ে জানতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।