

সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এডভোকেট এমরান আহমদ চৌধুরীর প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন সাংবাদিক ও যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা আমাদের প্রতিদিন-এর সম্পাদক আনোয়ার শাহজাহান।
নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, এ সমর্থন কোনো আবেগতাড়িত সিদ্ধান্ত নয়; বরং এলাকার বাস্তবতা, ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা এবং জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
আনোয়ার শাহজাহান উল্লেখ করেন, সিলেট–৬ সংসদীয় আসনটি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার—এই দুই উপজেলা নিয়ে গঠিত। ভৌগোলিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় দুই উপজেলার সমস্যাগুলো প্রায় অভিন্ন। প্রবাসনির্ভর অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের সংকট—সব ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অথচ দীর্ঘদিন ধরে আঞ্চলিক বিভাজনের রাজনীতির কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যাহত হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, “কখনো গোলাপগঞ্জ, কখনো বিয়ানীবাজার গুরুত্ব পেয়েছে। এই টানাপোড়েনে পুরো আসনের সমন্বিত উন্নয়ন হয়নি। এখন সময় এসেছে আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে নেতৃত্ব নির্বাচন করার।”
এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে তিনি একজন জনমুখী ও তৃণমূল থেকে উঠে আসা নেতা হিসেবে আখ্যায়িত করে বলেন, তাঁর রাজনৈতিক চিন্তা ও আচরণে দুই উপজেলার মধ্যে বিভাজনের কোনো মনোভাব নেই। সিলেট–৬ আসনকে সমগ্রতা হিসেবে দেখার মানসিকতাই তাঁকে আলাদা করেছে।
রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে আনোয়ার শাহজাহান আরও বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে সরকারদলীয় এমপি হিসেবে নির্বাচিত হলে উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ আনা সহজ হবে। তাঁর বিশ্বাস, এমরান আহমদ চৌধুরী নির্বাচিত হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানে দৃশ্যমান অগ্রগতি আসবে।
সবশেষে তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, আবেগ নয়—যুক্তি ও বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নেওয়াই হবে এলাকার জন্য কল্যাণকর।
আপনার মতামত লিখুন :