

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মাঠে কামরুল ইসলাম চৌধুরী; মতবিনিময় সভায় ব্যাপক সাড়া
গোলাপগঞ্জ প্রতিনিধি : আসন্ন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছেন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নেমে তিনি নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু করেছেন। এরই অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় কারখানা বাজারে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কারণে কামরুল ইসলাম চৌধুরী ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। আসন্ন নির্বাচনে তিনি একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন বলেও তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মলিন মিয়া। সভা পরিচালনা করেন সিলেট জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক নূরে আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল আহমদ, প্রবাসী নেতা আতাউর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামাল আহমদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি অলিউর রহমান, সহ-সভাপতি ছফর উদ্দিন, যুবদল নেতা কাইয়ুম আহমদ, ছাত্রদল নেতা ইয়াহিয়া আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি আধুনিক, সুশাসিত ও জনবান্ধব ইউনিয়ন গঠনের লক্ষ্যে যোগ্য, সৎ ও জনসম্পৃক্ত নেতৃত্ব প্রয়োজন। কামরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম চৌধুরী বলেন, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমান সেবার ভিত্তিতে একটি আধুনিক ও উন্নত গোলাপগঞ্জ সদর ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন, সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা এবং সকলকে সঙ্গে নিয়েই একটি বৈষম্যহীন ইউনিয়ন গঠন হবে আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণের ভালোবাসা, সহযোগিতা এবং দোয়া নিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন এবং জনগণের রায়ই হবে তাঁর সবচেয়ে বড় শক্তি।
সভা শেষে উপস্থিত নেতা-কর্মী ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন কামরুল ইসলাম চৌধুরী। এ সময় স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগাম এই মতবিনিময় সভার মাধ্যমে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের নির্বাচনী মাঠে নতুন আলোচনা তৈরি হয়েছে এবং চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে কামরুল ইসলাম চৌধুরী ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন।
আপনার মতামত লিখুন :