

সেবা ও মানবতার স্লোগানে বন্ধন ক্লাবের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
গোলাপগঞ্জ প্রতিনিধি : “শিক্ষা, সেবা, মানবতা”—এই স্লোগানকে ধারণ করে তারুণ্যনির্ভর সামাজিক সংগঠন বন্ধন ক্লাব, গোলাপগঞ্জ, সিলেট-এর উদ্যোগে গোলাপগঞ্জ পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মাঝে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী জছির আলী মডেল প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়ি জলিল চৌধুরী ইনস্টিটিউট এবং হাজী জমির আলী কামারগাঁও এলাকায়। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে গাছের চারা রোপণ করা হয় এবং ভবিষ্যতে এসব গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানানো হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম হাসান, সহ-সভাপতি মাহি আল জামি, অর্থ সম্পাদক আবু বক্কর, ধর্মবিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন, কার্যনির্বাহী সদস্য হাম্মাদ খাঁন, মাহদি আহমেদ নিপু, হোসাইন আহমদ, রাহিমসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজসেবা, শিক্ষা উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে বন্ধন ক্লাব নিরলসভাবে কাজ করে যাবে।
আপনার মতামত লিখুন :