

হিফজুর রহমান তুহিন, কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে জমকালো আয়োজনে ‘বিশ্ব কবিমঞ্চ’ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নুংশিনীড় হোমস্টে সাহিত্যপ্রেমী, কবি ও লেখকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই সভা সম্পন্ন হয়। লেখক, শিল্পী চামেলী সিনহা চারু এর সভাপতিত্বে ও কবি সৈকত সীমান্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব কবিমঞ্চ এর আহবায়ক কবি পুলক কান্তি ধর। আলোচনায় অংশ গ্রহণ করেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রভাষিকা হামিদা খাতুন, শিক্ষক সমরেন্দ্র সেন গুপ্ত, মিজানুর রহমান, কবি ও সাংবাদিক হিফজুর রহমান তুহিন, অবসরপ্রাপ্ত শিক্ষক রাজমোহন সিংহ, কবি শাহান আহমদ, কবি ঋতি সিনহা, শিল্পী অঞ্জনা সিনহা প্রমুখ।
সভায় বক্তারা বাংলা সাহিত্যকে বিশ্বমঞ্চে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরা এবং তৃণমূল পর্যায়ের কবি-সাহিত্যিকদের ঐক্যবদ্ধ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সেই সাথে সাহিত্যের মাধ্যমে সমাজ সংস্কার ও নতুন প্রজন্মকে সৃষ্টিশীল কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
উপস্থিত কবি ও সাহিত্যিকদের সর্বসম্মতিক্রমে সাহিত্য চর্চাকে আরও বেগবান করার প্রত্যয় নিয়ে বিশ্ব কবিমঞ্চ এর কমলগঞ্জ উপজেলা শাখা গঠন করা হয়। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে চামেলী সিনহা চারু কে সভাপতি ও মো. মোনায়েম খান কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে কমলগঞ্জের সাহিত্য অঙ্গনকে আরও গতিশীল করার জোরালো আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত আলোচনা সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ কবিতা পাঠের আসর ও সংগীত পরিবেশন করা হয়।
আপনার মতামত লিখুন :