

পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি। আয়োজকদের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার আহ্বান এবং সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নির্দেশনায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মাঝেও বিপুলসংখ্যক চারা বিতরণ করা হয়। আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলাম গেদাই, সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামাল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল সাবু, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক জাবেদুর রহমান রিপন, যুবদল নেতা ফখরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, একটি গাছ শুধু পরিবেশের জন্য নয়, মানুষের জীবন ও ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ। তাই পরিবেশ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
কর্মসূচির শেষে উপস্থিত সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :