ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন


admin প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ১৪:৫৭ /
ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন

প্রয়োজনে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি

সিলেটের জনপ্রিয় জেলা প্রশাসক (ডিসি) জনাব সরওয়ার আলমের প্রত্যাহারের সরকারি আদেশের খবরে সিলেটজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই আদেশকে অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবিতে আজ ২১ জুন রবিবার বিকাল ৬টায় সিলেট কোর্ট পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রেনেসাঁর আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মাহফুজ বিন আবদুল হাফিজের সঞ্চালনায় বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শামীমাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামীম আহমদ, কাজিরবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস শাহ মমশাদ আহমদ, আম্বরখানা মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান, ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল সৈয়দ সালিম কাসিমী, হাসান ফয়েজ, বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব মুফতি রশিদ আহমদ, মারকাজুত তালিম ওয়াত তারবিয়ার পরিচালক মুফতি মিনহাজুস সিরাজ, বিশিষ্ট দায়ি আবদুল্লাহ আল মনসুর, আহমাদুল হক উমামম, ইয়াহইয়া তালহা চৌধুরী, সৈয়দ হামমাদ, আদিব আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ‘সিলেটের মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এমন একজন জনবান্ধব ও কর্মঠ জেলা প্রশাসককে হঠাৎ করে প্রত্যাহারের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সিলেটের নাগরিক সমস্যা সমাধান, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে সাহসী ভূমিকা পালন করেছেন।’

তারা অভিযোগ করেন, ‘ডিসি সরওয়ার আলম শহরের ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান এবং হজরত শাহজালাল ও হজরত শাহপরান (রাহ.)-এর মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করায় একটি দুর্নীতিবাজ ও সুবিধাভোগী চক্র তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।‘

বক্তারা আরও বলেন, ‘যারা বছরের পর বছর অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করেছে, তারাই আজ একজন সৎ ও সাহসী কর্মকর্তাকে সিলেট থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। এই বদলির আদেশ সেই অপচেষ্টারই বহিঃপ্রকাশ বলে সিলেটবাসী মনে করে।‘

মানববন্ধন থেকে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিলেটবাসীর আবেগ ও প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে এই প্রত্যাহার আদেশ বাতিল করতে হবে। অন্যথায় বৃহত্তর সিলেটের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহৎ আন্দোলন, গণসমাবেশ ও হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণার বিষয়টি বিবেচনা করা হবে।

বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন, ‘সিলেটের স্বার্থে, সিলেটবাসীর দাবির প্রতি সম্মান দেখিয়ে ডিসি সরওয়ার আলমকে বহাল রাখতে হবে। জনমতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত সিলেটবাসী মেনে নেবে না।’