

গোলাপগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ৯ জন আহত
স্টাফ রিপোর্টার, গোলাপগঞ্জ: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের করগ্রাম এলাকায় একটি পাগলা কুকুরের আক্রমণে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে একটি পাগলা কুকুর এলাকায় তাণ্ডব চালিয়ে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর আক্রমণ করে। এতে নারী ও শিশুসহ ৯ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ইউএনও মোঃ রফিকুল ইসলাম এলাকাবাসীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তিদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণের পরামর্শ দেন।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি জনসাধারণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা পাগলা কুকুরটি দ্রুত আটক বা নিধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :