

গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া: আরও একজন গ্রেপ্তার
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত পৌনে ৯টার দিকে পৌর এলাকার স্বরস্বতি গ্রাম থেকে মাহবুব হাসান আতিক (২৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহবুব হাসান আতিক স্বরস্বতি গ্রামের চাঁন মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া অস্ত্রের মহড়ার ভিডিওকে কেন্দ্র করে দায়ের হওয়া গোলাপগঞ্জ মডেল থানার জিআর ১০৮/২০২৬ মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :