বজ্রপাতে বুক পকেটে থাকা স্মার্টফোনে আগুন, দগ্ধ হয়ে বাবা-মেয়ের মৃত্যু


admin প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ১৮:২৩ /
বজ্রপাতে বুক পকেটে থাকা স্মার্টফোনে আগুন, দগ্ধ হয়ে বাবা-মেয়ের মৃত্যু

বজ্রপাতে বুক পকেটে থাকা স্মার্টফোনে আগুন, দগ্ধ হয়ে বাবা-মেয়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে স্মার্টফোনে আগুন লেগে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের বাসিন্দা মো. খালিদুল ইসলাম (৩০) ও তার ১০ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তার।
পারিবারিক সূত্রে জানা যায়, খালিদুল ইসলাম স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে বেড়াতে যান। দুপুরে পাশের মেরুয়াঘোনা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে শাহদারীপাড়া এলাকায় অটোরিকশা থেকে নামার সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে।
এ সময় খালিদুল ইসলামের বুক পকেটে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আগুন ধরে যায়। এতে তার শার্টে আগুন লেগে তিনি ও তার মেয়ে গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। বজ্রপাতে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, একই সময়ে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে বজ্রপাতে আসব খানের দুটি গরুও মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।