

ডেস্ক রিপোর্ট : মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে শাকিল হোসেন নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।
আইনগত বাধ্যবাধকতার মধ্যে মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে এই মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রায় ঘোষণা করা হলো, যা দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে একটি অনন্য মাইলফলক ও প্রথম ঘটনা।
মামলার সংক্ষিপ্ত বিবরণ:
২০২৫ সালের ১৬ জুন সকালে শিশুটির বাবা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য সকালের খাবার নিয়ে মাঠে যাওয়ার পথে চাঁদপুর গ্রামের শাকিল হোসেন শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। শাকিলের হাত থেকে রেহাই পেয়ে শিশুটি কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে ঘটনাটি জানায়। ওই দিনই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার বাবা বাদী হয়ে গাংনী থানায় শাকিলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পুলিশের চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) জমা দেওয়ার পর অত্যন্ত দ্রুততার সাথে মামলার কার্যক্রম এগোতে থাকে। আইন অনুযায়ী নির্দিষ্ট ২৯ কার্যদিবসের মধ্যে সমস্ত সাক্ষ্য-প্রমাণ ও সওয়াল-জবাব শেষে আজ এই রায় দেওয়া হলো। রায় ঘোষণাকালে আসামি শাকিল হোসেন আদালতে উপস্থিত ছিল। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে পুলিশ তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করে।
এই ঐতিহাসিক রায়ের ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) তুহিন অরণ্য বলেন:
”মেহেরপুর বিচারালয়ের ইতিহাসে তো বটেই, পুরো দেশের মধ্যে মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণার ঘটনা এটাই প্রথম। এটি বিচারপ্রার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক এবং একটি দৃষ্টান্তমূলক বার্তা।”
সংশ্লিষ্ট মহল ও আইনজ্ঞরা মনে করছেন, শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে এবং সাধারণ মানুষের মনে বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়াতে দ্রুততম সময়ের মধ্যে দেওয়া এই রায় একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
আপনার মতামত লিখুন :