

সিলেটের গোলাপগঞ্জে দিনেদুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার (১১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার পৌর শহরের দাড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করেন ব্যাংকের স্টাফ হাজি মো.আলী ও সাফওয়ান আহমদ। এরপর টাকা নিয়ে গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে একটি সিএনজি যোগে সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং হয়ে রাজাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা। পথিমধ্যে পৌর এলাকার দাড়িপাতন চত্ত্বর এলাকায় পৌঁছালে প্রথমে একটি ও পরে আরও দুইটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে জোরপূর্বক ২০ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌর এলাকার দাড়িপাতন চত্বরে প্রথমে একটি মোটরসাইকেল সিএনজি অটোরিকশার সামনে এসে গতিরোধ করে। পরে আরও দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে। একপর্যায়ে সিএনজি অটোরিকশার পিছনে বসা সাফওয়ান আহমদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
ভুক্তভোগী হাজী মোহাম্মদ আলী বলেন, আমরা ব্যাংক থেকে টাকা তুলে রাজাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেই। দাড়িপাতন এলাকায় পৌঁছামাত্র প্রথমে একটি মোটরসাইকেল এসে সামনে থেকে গতিরোধ করে। পরবর্তীতে আরও দুইটি মোটরসাইকেলে কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি সৃষ্টি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :