বিদ্যুৎ সংকটের মাঝেও গোলাপগঞ্জে সকাল ৭টায়ও জ্বলছে সড়ক ও পৌর ভবনের বাতি


admin প্রকাশের সময় : মে ১, ২০২৬, ০১:৩২ /
বিদ্যুৎ সংকটের মাঝেও গোলাপগঞ্জে সকাল ৭টায়ও জ্বলছে সড়ক ও পৌর ভবনের বাতি

আব্দুল্লাহ আল মাসুদ:

সারা দেশে বিদ্যুৎ সংকটের সময়েও অপ্রয়োজনীয়ভাবে সড়ক বাতি জ্বালিয়ে রাখার অভিযোগ উঠেছে গোলাপগঞ্জ পৌরসভার বিরুদ্ধে। শুধু সড়কই নয়, পৌর ভবনের বাইরের বাতিও সকাল ৭টা পর্যন্ত জ্বলতে দেখা যাচ্ছে, যা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

একজন স্থানীয় বাসিন্দা জানান, ভোরে সূর্যের আলো ফুটে ওঠার পরও বিভিন্ন সড়কে বাতি জ্বলতে থাকে। এমনকি পৌরসভা ভবনের বাইরের আলোও সকাল ৭টা পর্যন্ত বন্ধ করা হয় না। এতে একদিকে বিদ্যুতের অপচয় হচ্ছে, অন্যদিকে চলমান বিদ্যুত সংকট পরিস্থিতিতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিএনজি অটোরিকশা চালক বলেন, “যখন আমরা ঘরে ঘরে বিদ্যুতের অভাবে কষ্ট পাই, তখন দিনের আলোয় সড়ক বাতি ও পৌর ভবনের লাইট জ্বালিয়ে রাখা সম্পূর্ণ অযৌক্তিক।

সচেতন মহল মনে করছেন, দায়িত্বপ্রাপ্তদের অবহেলা ও তদারকির অভাবেই এ ধরনের ঘটনা ঘটছে। তারা দ্রুত সময় নির্ধারণ করে স্বয়ংক্রিয় বা নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে এসব বাতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।