প্রতীকের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন নয়: প্রতিমন্ত্রী শাহে আলম


admin প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ১৬:২৪ /
প্রতীকের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন নয়: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন আয়োজন করা হবে না। সংসদে আইন পাস হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকালে সিলেট সিটি কর্পোরেশন-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় বা দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ রাখা হয়েছিল, যা নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করেছে। আগামী ১২ মার্চ অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করা হবে। সেদিন কোন কোন অধ্যাদেশ গৃহীত হবে, সে বিষয়ে সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায় থেকে সিদ্ধান্ত এলে প্রয়োজনে ওয়ার্ডেও প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে।

নগর ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রকল্প অবশ্যই জনবান্ধব হতে হবে। নাগরিকদের কাজে লাগে-এমন প্রকল্প আমরা অগ্রাধিকার দিয়ে দ্রুত অনুমোদন করব।’ তিনি সরকারের ওপর নির্ভরতা কমিয়ে সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, নাগরিকদের প্রত্যাশা ধারণ করেই আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে হবে। সিলেটকে দেশের অন্যতম দৃষ্টিনন্দন নগর হিসেবে গড়তে সরকারি দপ্তর ও নাগরিকদের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

প্রতিমন্ত্রী সুরমা নদী ও বিভিন্ন ছড়া-খাল খনন করে দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, সিটি কর্পোরেশনের অধীনে সিটি ওয়াসা প্রতিষ্ঠা এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে সড়ক সংস্কারের পরামর্শ দেন। নতুন প্রকল্প প্রস্তাব আকারে উপস্থাপন করা হলে তা একনেক বা পরিকল্পনা কমিশনে পাঠিয়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।

সকালে প্রতিমন্ত্রীকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিসিক প্রশাসক।

পরে তিনি সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। এছাড়া রিকাবীবাজারস্থ এম. সাইফুর রহমান অডিটোরিয়াম, ধোপাদিঘিরপাড় ওয়াকওয়ে ও জেল কলোনি পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রীর এ সফরকে সিলেটের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।