

সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনে বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হওয়া ৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা সামগ্রী তুলে দেন।
জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পূর্বপাড়া গ্রামের পাঁচটি বসতবাড়ি আকস্মিকভাবে কুশিয়ারা নদীতে তলিয়ে যায়। মুহূর্তের মধ্যে বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া আবুল মিয়া, আবুল খায়ের, হারুন মিয়া, কাহের মিয়া ও সুফিয়া বেগমের পরিবার চরম মানবেতর জীবনযাপন করছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত এই সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরণ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. কামরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিদুজ্জামান লাভলু এবং ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ঘরবাড়ি বিলীন হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং দ্রুত অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করাসহ নদী ভাঙনরোধে স্থায়ী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
উপজেলা প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আগামীতেও সহযোগিতা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :