

গত বছরের চেয়ে এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে। তাই আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম মানুষের নাগালের মধ্যে থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
রোববার (২৫ জানুয়ারি) আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স সভা শেষে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক আছে বলে ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন। আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। দাম বাড়বে না বরং কিছু কিছু পণ্যের দাম আরও কমবে।
তিনি জানান, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, পদ্মা সেতুর মতো অযাচিত প্রকল্পের জন্য সরকারের বড় দায় তৈরি হয়েছে, টাকার অবমূল্যায়ন হয়েছে। আইএমএফের কাছ থেকে বড় ঋণ নিতে হয়েছে। নিত্যপণ্যের বাজারে এগুলোর প্রভাব পড়ছে।
বাজারে ৫ লাখ টন রাইস ব্র্যান ওয়েল (খাদ্যপণ্য) ছাড়া হয়েছে ফলে ভোজ্যতেলের বাজারও স্থিতিশীল রয়েছে। যোগান পরিস্থিতি স্বাভাবিক আছে, এ পরিস্থিতি অব্যাহত থাকলে আসছে রোজায় পণ্যের দাম আরও কমবে।
আপনার মতামত লিখুন :