ভাদেশ্বরে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে ‘WishBox’ প্রকল্পের উদ্বোধন


admin প্রকাশের সময় : জানুয়ারি ২৪, ২০২৬, ১০:৩৮ /
ভাদেশ্বরে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে ‘WishBox’ প্রকল্পের উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি : তরুণ শিক্ষার্থীদের দ্বারা গঠিত ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন ‘বই দরকার ভাদেশ্বর’ শিক্ষার্থীদের সহায়তায় শুরু করেছে নতুন মানবিক উদ্যোগ ‘WishBox’ প্রকল্প। ২০২৪ সালে যাত্রা শুরু করা সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে পুরাতন বই সংগ্রহ ও বিতরণ। শিক্ষার্থীদের কাছ থেকে পুরাতন শ্রেণির বই ও গাইড সংগ্রহ করে তা আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে প্রদান করা হয়। প্রয়োজনে নতুন বই বা গাইড সংগ্রহে পৃষ্ঠপোষক খুঁজে দেওয়ার উদ্যোগও নেয় সংগঠনটি। প্রথমদিকে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কার্যক্রম চালু হলেও বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকে অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্যও সহায়তা প্রদান করা হচ্ছে।
সংগঠনটির একটি বিশেষ দিক হলো—যাদের বই বা সহায়তা দেওয়া হয়, তাদের পরিচয় গোপন রাখা হয়। এর ফলে একটি কার্যকর রিসাইকেল প্রক্রিয়া তৈরি হয়েছে, যেখানে একটি বই সময়ের সঙ্গে একাধিক শিক্ষার্থীর কাজে লাগছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক পরামর্শ সেবাও চালু রয়েছে।
এছাড়াও ‘বই দরকার ভাদেশ্বর’-এর আরেকটি ব্যতিক্রমী উদ্যোগ ‘পাঠক স্টেশন’, যেখানে যে কেউ বিনামূল্যে বই পড়তে পারবে এবং চাইলে নিজের বই জমা দিয়ে অন্যদের পড়ার সুযোগ করে দিতে পারবে। মোবাইলমুখী সমাজকে বই পড়ায় আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ। বর্তমানে ভাদেশ্বর মোকাম বাজারে একটি পাঠক পয়েন্ট (অস্থায়ী লাইব্রেরি) চালু রয়েছে।
এরই ধারাবাহিকতায় নতুন প্রকল্প WishBox চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ভাদেশ্বরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে একটি করে WishBox স্থাপন করা হবে। শিক্ষার্থীরা চিঠির মাধ্যমে তাদের প্রয়োজন ও ইচ্ছার কথা জানাতে পারবে। স্কুল ব্যাগ, ছাতা, গাইড বই, ক্যালকুলেটর কিংবা স্কুলের বেতন—এমন ছোট ছোট চাহিদা পূরণের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রতি মাসের শেষে WishBox থেকে চিঠি সংগ্রহ করে প্রয়োজন যাচাই ও সংশ্লিষ্ট শিক্ষকদের মতামতের ভিত্তিতে নির্বাচিত তিনজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এক মাস একটি প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনার পর পরবর্তী মাসে WishBox অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করা হবে। এভাবে বছরজুড়ে ভাদেশ্বরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্পটি পরিচালিত হবে।
গত ২১ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ভাদেশ্বর ছলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে WishBox প্রকল্পের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কানাডা প্রবাসী বাংলাদেশি আগামী পাঁচ মাসের ব্যয়ভার বহন করছেন। তাঁর এই সহযোগিতার জন্য প্রকল্প সংশ্লিষ্টরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।