শেষ মুহূর্তে বিএনপির মনোনয়ন থেকে ছিটকে গেলেন ফয়সল আহমদ চৌধুরী


admin প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৬, ১৩:৫৪ /
শেষ মুহূর্তে বিএনপির মনোনয়ন থেকে ছিটকে গেলেন ফয়সল আহমদ চৌধুরী

নিজস্ব প্রতিনিধি:
সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন দৌড় থেকে শেষ মুহূর্তে ছিটকে পড়েছেন জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন ফয়সল আহমদ চৌধুরী। এর আগে সোমবার বিএনপি সিলেট-৬ আসনে দলীয় প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়।

এ বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি চিঠি গত ১৭ জানুয়ারি সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়।
দলীয় সূত্র জানায়, সিলেট-৬ আসনে প্রথম ধাপে বিএনপির মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। পরবর্তীতে জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকেও মনোনয়ন দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে এমরান আহমদ চৌধুরীকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। অন্যদিকে, ফয়সল আহমদ চৌধুরী ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে অংশ নেন। সে নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন।

শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহারের মাধ্যমে সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী নিয়ে চলমান জল্পনার অবসান ঘটলো বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।