চূড়ান্ত ঘোষণা নেই, তবু সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থী নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় 


admin প্রকাশের সময় : জানুয়ারি ১৭, ২০২৬, ১৫:১৯ /
চূড়ান্ত ঘোষণা নেই, তবু সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থী নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় 

আব্দুল্লাহ আল মাসুদ :

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী কে—এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিভ্রান্তি ফের নতুন করে সামনে এসেছে। শনিবার বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকজুড়ে ‘আলহামদুলিল্লাহ’ পোস্টের ঝড় উঠেছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.এমরান আহমদ চৌধুরীকে সিলেট-৬ আসনের জন্য বিএনপির মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে সংযুক্তি-২ হিসেবে আরেক প্রভাবশালী নেতা ফয়সল আহমদ চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করা হয়। এই দুইজনকে ঘিরেই দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে চূড়ান্ত প্রার্থী নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে।

শনিবার বিকাল থেকে হঠাৎ করে ফেসবুকে এড.এমরান আহমদ চৌধুরীর সমর্থকরা ব্যাপকভাবে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দিতে শুরু করেন। শুধু তাই নয়, স্বয়ং এড.এমরান আহমদ চৌধুরীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ‘আলহামদুলিল্লাহ’ শীর্ষক একটি পোস্ট দেওয়া হয়, যা তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকেই।

অন্যদিকে, ফয়সল আহমদ চৌধুরীর সমর্থকরাও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন। তারাও ফয়সল আহমদ চৌধুরীর ছবি ব্যবহার করে একাধিক পোস্ট দিচ্ছেন এবং তাকেই সিলেট-৬ আসনের চূড়ান্ত বিএনপি প্রার্থী হিসেবে দাবি করছেন।

এতে করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আবারও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—আসলেই সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী কে? দলীয়ভাবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় জল্পনা-কল্পনা আরও বেড়েছে।

এ বিষয়ে জানার জন্য একাধিকবার এড.এমরান আহমদ চৌধুরীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

অপরদিকে ফয়সল আহমদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এখনো বিএনপি থেকে সিলেট-৬ আসনের চূড়ান্ত প্রার্থী বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। বিষয়টি নিয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দ্রুত কেন্দ্রীয়ভাবে স্পষ্ট ঘোষণা না এলে তৃণমূল পর্যায়ে এই বিভ্রান্তি নির্বাচনী প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।