

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন গোলাপগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা গোলাপগঞ্জজুড়ে মাইকিং করে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রচার করছেন। এসময় তারা বিভিন্ন শ্রেণিপেশার লোকজনদের মাঝে কালো ব্যাজ বিতরণ করেছেন।
জানা গেছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ বিভিন্ন অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মী ছাড়াও গোটা উপজেলাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। বিএনপির নেতাকর্মীরা উপজেলার পৌর শহরের চৌমূহণীতে সাংবাদিক, ব্যবসায়ী, মসজিদের মুসল্লী ও পথচারিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজনের কাছে কালোব্যাজ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, বিএনপি নেতা এম সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, জেলা শ্রমিকদলের সদস্য সাহেল আহমদ ও পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ।
আপনার মতামত লিখুন :