সুষ্ঠু ও নিরাপদ ভোট নিশ্চিত করতে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের তৎপরতা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ২০:০৩ /
সুষ্ঠু ও নিরাপদ ভোট নিশ্চিত করতে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের তৎপরতা

আব্দুল্লাহ আল মাসুদ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ভোটগ্রহণের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এরই অংশ হিসেবে শনিবার (২৭ ডিসেম্বর) গোলাপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), গোলাপগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এবং উপজেলা নির্বাচন অফিসার শরীফগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ভোট কেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের যাতায়াত সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় ভোট কেন্দ্র পরিদর্শনে সার্বিক সহযোগিতা করেন শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। তারা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ সার্বিক প্রস্তুতি নিশ্চিত করা হচ্ছে।