

ঢাকা নয়, এবার সিলেটেই বাজতে পারে বিপিএল উদ্বোধনের বাঁশি। বরাবরই রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের প্রতিটি আসর। তবে দীর্ঘদিনের এই রীতিতে পরিবর্তন আনার ভাবনা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। নতুন মৌসুমে প্রথম পর্ব সিলেট বা চট্টগ্রামে আয়োজনের বিষয়ে বেশ সক্রিয়ভাবে ভাবছে বোর্ড।
এদিকে টুর্নামেন্টের নিলাম নির্ধারিত সময়ে না হওয়ায় সূচি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সর্বশেষ আলোচনায় জানা গেছে, আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম, আর ২৬ ডিসেম্বর মাঠে গড়াতে পারে এবারের বিপিএল-এ তথ্য ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।
সোমবার (২৪ নভেম্বর) বিপিএলে ষষ্ঠ দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী। ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামে অংশ নেবে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে পাঁচটি দল নিশ্চিত করলেও দল বাড়ানোর পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল বিসিবি। নিলাম পেছানোর পর সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছে তারা।
ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে দুই কোটি টাকা এবং ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এখনো কয়েকটি দল গ্যারান্টি জমা দেয়নি বলে জানা গেছে। এজন্য ১৮ নভেম্বর পর্যন্ত অতিরিক্ত সময় দিয়েছে গভর্নিং কাউন্সিল।
এবারের আসরে অংশ নেবে ছয় দল-রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নবাগত নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে প্রতিটি দল দুইজন দেশি ও দুইজন বিদেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তিবদ্ধ করার সুযোগ পাচ্ছে।
এরই মধ্যে সিলেট টাইটান্স দলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও দলে ভিড়িয়েছে তারা। সম্ভাব্য উদ্বোধনী ভেন্যু পরিবর্তনের আভাসে সিলেট জুড়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে উত্তেজনা।
আপনার মতামত লিখুন :