

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন পুলের বাসচালক মোহাম্মদ মনসুর তার দুই সন্তানের জীবন বাঁচাতে এখন চরম আর্থিক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। তার দুই শিশু ছেলে মারাত্মক জটিল রক্তজনিত রোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত। নিয়মিত রক্ত পরিবর্তন, ওষুধ ও চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি নিঃস্ব হওয়ার পথে।
মনসুর জানান, বড় ছেলে আহমদুল্লাহর বয়স ৪ বছর। প্রায় দুই বছর আগে তার থ্যালাসেমিয়া ধরা পড়ে। ছোট ছেলে হাবিবুল্লাহ মাত্র দুই বছরের, সেও তিন মাস ধরে একই রোগে আক্রান্ত। দুই শিশুর চিকিৎসা ও রক্ত পরিবর্তনে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। এতে তার মাসিক আয়ের বেশির ভাগই ব্যয় হয়ে যায়। পরিবারের অন্যান্য খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে।
তিনি আরও বলেন, “ছেলেদের এই যন্ত্রণা আর দেখতে পারছি না। ডাক্তাররা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে হলে বিদেশে চিকিৎসা করাতে হবে। প্রতিজনের চিকিৎসা খরচ ৫০ লাখ টাকার মতো। আমার একার পক্ষে এই ব্যয় বহন করার কোনো সামর্থ্য নেই।”
সাহায্যের আবেদন জানিয়ে মনসুর বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশের সব মানুষের কাছে অনুরোধ করছি—দয়া করে আমার সন্তানদের বাঁচাতে এগিয়ে আসুন। আপনাদের সাহায্যেই আমার বাচ্চাদের নতুন জীবন মিলতে পারে।”
শিশুদের মা শারমিন বেগমও সবার প্রতি সাহায্যের আবেদন জানিয়ে বলেন, “মা হয়ে সন্তানদের এই কষ্ট সহ্য করা অসম্ভব। দয়া করে আমার সন্তানদের সুস্থ হতে সাহায্য করুন।”
পরিবহন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, “মনসুর ভাই দুই থ্যালাসেমিয়ায় আক্রান্ত সন্তানকে নিয়ে দুর্বিষহ জীবন পার করছেন। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনসহ দেশবাসী এগিয়ে এলে তার সন্তানেরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।”
শাবিপ্রবির পরিবহন বিভাগের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমরান আহমেদ চৌধুরী বলেন, “মনসুর আমাদের পরিবহন ইউনিটের একজন পরিশ্রমী কর্মী। তার দুই সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত—এটি অত্যন্ত কষ্টের বিষয়। আমরা সহকর্মীরা মিলে সহায়তার চেষ্টা করছি এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়েছি। সমাজের মানবিক মানুষরা এগিয়ে এলে বাচ্চাদের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে।”
সাহায্য পাঠানোর ঠিকানা:
মোহাম্মদ মনসুর
সোনালি ব্যাংক, শাবিপ্রবি শাখা
হিসাব নং: ৫৬৩২৫০১০১০৭৩৭ (শারমিন বেগম)
ডাচ–বাংলা ব্যাংক, মাছিমপুর শাখা
হিসাব নং: ৭০১৭৪১৪১৩২৮০০
বিকাশ: ০১৯১৯৮১৪৫৯৮ (পার্সোনাল), মোহাম্মদ মনসুর
আপনার মতামত লিখুন :