

প্রেস বিজ্ঞপ্তি:
ডিলারশিপ ও চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকার প্রতারণা করা চক্রের মূলহোতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (৫২) কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গত ২৮ অক্টোবর বিকেলে সিআইডি ঢাকা মেট্রো (পূর্ব) বিভাগের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার রামনগর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ইতোমধ্যে মতিঝিল থানায় মামলা নং-২২, তারিখ ২৯/১০/২০২৫ খ্রি. ছাড়াও দেশের বিভিন্ন থানায় প্রতারণা সংক্রান্ত ২৫টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে সিআইডি।
গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত অসংখ্য নথি, যেমন— ভুক্তভোগীদের নাম-ছবিসহ ডিলারশিপ আবেদনপত্র, ভিজিটিং কার্ড, ভুয়া কোম্পানির পণ্যের মূল্য তালিকা, মোবাইল ফোন, পণ্যের নমুনা ও একটি কম্পিউটার জব্দ করা হয়।
তদন্ত সূত্রে জানা যায়, ‘কনজুমার ফুড প্রোডাক্টস’সহ বিভিন্ন ভুয়া কোম্পানির নামে অফিস খুলে প্রতারণা চালাত এই চক্র। প্রথমে রাজধানী ও জেলা শহরগুলোতে সুন্দরভাবে সাজানো অফিস ভাড়া করে তারা ডিলারশিপ ও চাকরির বিজ্ঞাপন দিত সামাজিক যোগাযোগ মাধ্যম ও লিফলেটের মাধ্যমে।
প্রথমে বাজার থেকে ভালো মানের নিত্যপ্রয়োজনীয় পণ্য (চিনি, ডাল ইত্যাদি) সংগ্রহ করে নিজেরা তৈরি করা ভুয়া ব্র্যান্ডের মোড়কে বিক্রি করতো। এতে ভুক্তভোগীদের আস্থা অর্জনের পর বড় অঙ্কের টাকার অর্ডার নিয়ে অফিস বন্ধ করে উধাও হয়ে যেত।
সিআইডির তদন্তে আরও জানা গেছে, গত সাত বছরে এই প্রতারক চক্র দেশের বিভিন্ন প্রান্তের কমপক্ষে ৩০০ ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
ডিলারশিপের পাশাপাশি অফিসে লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়েও অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো চক্রটি। জীবনবৃত্তান্তের সঙ্গে বিভিন্ন অঙ্কের টাকা নিলেও বেতন প্রদানের আগেই অফিস বন্ধ করে পালিয়ে যেত তারা।
সর্বশেষ মোহাম্মদপুরের রেডেন্সিয়াল কলেজের পাশে ‘তালুকদার এন্টারপ্রাইজ’ নামের একটি অফিসে প্রতারণা চলাকালীন অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয় মূলহোতা জাহাঙ্গীর হোসেনকে।
বর্তমানে মামলাটির তদন্ত পরিচালনা করছে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব ইউনিট। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ ও রিমান্ডের আবেদনসহ আইনগত প্রক্রিয়া চলছে। একইসঙ্গে চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।
আপনার মতামত লিখুন :