

ডেস্ক রিপোর্ট:
মানি লন্ডারিংয়ের অভিযোগে রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ৩৯টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। দুদকের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম আদালতে ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, মাসুদ ও তার পরিবারের সদস্যদের নামে পরিচালিত ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন এবং ব্যাংক ও আমানতকারীদের অর্থ তছরুপের অভিযোগ রয়েছে। এছাড়া মাসুদ রূপালী ব্যাংকের এমডি থাকাকালে ব্যাংকের ঋণ অনুমোদন করিয়ে তা ব্যক্তিগত খাতে, বিশেষ করে ছেলের বিদেশে শিক্ষার খরচে ব্যবহার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দুদকের বক্তব্যে বলা হয়, মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট অ্যাকাউন্টে তৃতীয় পক্ষের কাছ থেকে নগদ অর্থ জমা, অজানা উৎস থেকে অর্থ গ্রহণ এবং ব্যবসায়িক কার্যক্রমহীন প্রতিষ্ঠানগুলোতে অর্থ স্থানান্তরের প্রমাণ পাওয়া গেছে। এগুলো মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারা ৪(২) ও ৪(৩) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
আদালত অভিযোগের পর্যালোচনা করে এই অভিযোগে যুক্তিসঙ্গত সন্দেহ থাকায় সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন। দুদক আগামী দিনে আরও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
আপনার মতামত লিখুন :