মর্গে ভয়াবহ কাণ্ড: মৃতদেহের সঙ্গে যৌন নির্যাতনে যুবক গ্রেপ্তার


admin প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ১৯:৩৩ /
মর্গে ভয়াবহ কাণ্ড: মৃতদেহের সঙ্গে যৌন নির্যাতনে যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক মৃত তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মরদেহ বাহক হিসেবে কর্মরত মো. আবু সাঈদ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে আসামিকে আদালতে হাজির করা হলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ২০ অক্টোবর দুপুর দেড়টার দিকে মর্গে এই নৃশংস ঘটনা ঘটে।

আবু সাঈদ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে। তিনি হালুয়াঘাট থানা পুলিশের মরদেহ বাহক হিসেবে দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকায় এক তরুণী আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আবু সাঈদের তত্ত্বাবধানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সেখানে মৃতের স্বজনরা না থাকার সুযোগে আবু সাঈদ মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার করেন বলে অভিযোগ ওঠে। পরে সংশ্লিষ্ট চিকিৎসক তরুণীর যৌনাঙ্গে তাজা বীর্য দেখতে পেয়ে বিষয়টি হালুয়াঘাট থানা পুলিশকে জানান।

ঘটনার পর মঙ্গলবার (২১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে আবু সাঈদকে হালুয়াঘাট পৌরসভার পাঠাগার মোড় এলাকা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি ধর্ষণের কথা স্বীকার করেন।

হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল মিয়া এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার পর বুধবার আসামিকে আদালতে পাঠানো হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, “আসামি আদালতে ঘটনার বিস্তারিত স্বীকার করেছে। বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”