জৈন্তাপুরে নাতির ইটের আঘাতে নানির মৃত্যু


admin প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ১০:২৬ /
জৈন্তাপুরে নাতির ইটের আঘাতে নানির মৃত্যু

নিউজ ডেস্ক:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন নাতির ইটের আঘাতে প্রাণ হারিয়েছেন ৯০ বছর বয়সী নানি আজিবুন নেছা। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে ৬নং চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত আজিবুন নেছা ওই গ্রামের মৃত সাজ্জাদ আলির স্ত্রী। এ ঘটনায় ঘাতক নাতি সুমন আহমেদ (২২)-কে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে নানি আজিবুন নেছার লালন-পালনে বড় হন সুমন। প্রায় চার মাস আগে তার মানসিক সমস্যা দেখা দিলে নানি নিজেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। এক মাস আগে চিকিৎসা শেষে বাড়িতে আনা হলেও মানসিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঘরে শিকলবন্দী করে রাখা হয়।

 

শনিবার রাতে নানি ঘরে এসে দেখেন সুমন হাতে থাকা ইট দিয়ে শিকলের তালা ভাঙার চেষ্টা করছে। বাধা দিতে গেলে সুমন ওই ইট দিয়ে নানির মাথায় উপর্যুপরি আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আজিবুন নেছার।

 

এর কিছুক্ষণ পর পাশ দিয়ে যাওয়া এক পথচারী সুমনের চিৎকার শুনে ঘরে গিয়ে দেখতে পান, সুমন নানির নিথর দেহের পাশে শুয়ে চিৎকার করছে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সুমন নিহত নানির মরদেহের পাশে শুয়ে আছে। তার মধ্যে কোনো অনুশোচনার লক্ষণ দেখা যায়নি, বরং সে শুধু শিকল খুলে দেওয়ার কথা বলছিল।”

 

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় সুমনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।