

অনলাইন ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই বলেছেন, “রাজনীতি হলো পবিত্র জায়গা, সব নীতির সেরা নীতি হলো রাজনীতি। এই রাজনীতিতে গুণ্ডা-বদমায়েশের কোনো স্থান হবে না।”
তিনি বলেন, “আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই যেখানে সব দল ও মতের মানুষ নিরাপদ থাকবে। ইসলামী রাষ্ট্র কায়েম হলে দেশে সন্ত্রাস, চুরি, দুর্নীতি ও অর্থপাচার বন্ধ হবে। কেউ না খেয়ে থাকবে না, ঘরের দরজা খোলা রেখে মানুষ ঘুমাবে। নারীরা রাতেও একা চলাফেরা করতে পারবে—কেউ তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না।”
শনিবার (১৮ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে চাঁদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শায়েখ চরমোনাই আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না।”
তিনি দাবি করেন, নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচন চালু করা এখন গণদাবিতে পরিণত হয়েছে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আল্লামা মকবুল হোসাইন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাকসুদুর রহমান প্রমুখ।
সভাপতিত্ব করেন ডা. বেলাল হোসাইন। এছাড়া বক্তব্য রাখেন হাফেজ জামিল আহমাদ জাকির, শাহজামাল গাজী সোহাগ, মাওলানা হেলাল আহমাদ ও হাফেজ শাহাদাত হোসাইন।
আপনার মতামত লিখুন :