সরাইলে পুকুরে গোসল নিয়ে দুই গ্রামে সংঘর্ষ, আহত ৩০


admin প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৫, ১৮:৫৬ /
সরাইলে পুকুরে গোসল নিয়ে দুই গ্রামে সংঘর্ষ, আহত ৩০

অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম কয়েকজন বন্ধুকে নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। এসময় ছোট দেওয়ানপাড়ার শাকিল ও শিপনসহ কয়েকজন তাদের মারধর করে। এর জেরে রাতে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে একে অপরের ওপর হামলা চালানো হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় দোকানপাট ও সড়ক চলাচল। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র : দৈনিক যুগান্তর