

বিনোদন ডেস্ক:
দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে। নদীবেষ্টিত এই জেলার পলিগঠিত ভূপ্রকৃতি, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভাওয়াইয়া গানের আবহকে কেন্দ্র করেই সাজানো হয়েছে এবারের পর্বটি।
মঞ্চ নির্মাণ করা হয়েছিল প্রায় দেড় শতাব্দী পুরোনো ঐতিহ্যবাহী উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। ধারণ উপলক্ষে পুরো কুড়িগ্রাম জুড়ে ছিল উৎসবের আমেজ।
ভাওয়াইয়া গানকে কেন্দ্র করে তৈরি এই পর্বে রয়েছে দুটি সংগীত পরিবেশনা। শুরুতেই মনিরুজ্জামান পলাশের কথায় ও হানিফ সংকেতের সুরে কুড়িগ্রামের কৃষ্টি ও ইতিহাসগাথা নিয়ে একটি গানে নেচেছেন স্থানীয় পঞ্চাশজন নৃত্যশিল্পী। কণ্ঠ দিয়েছেন রাজীব ও তানজিনা রুমা, সংগীতায়োজন করেছেন মেহেদী।
এ ছাড়া কিংবদন্তি আব্বাসউদ্দীনের গাওয়া বিখ্যাত ভাওয়াইয়া গান ‘ও কি গাড়িয়াল ভাই’ নতুনভাবে পরিবেশন করেছেন জনপ্রিয় শিল্পী সালমা আক্তার ও পূর্ণচন্দ্র রায়।
অনুষ্ঠানে থাকছে কুড়িগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে একাধিক প্রতিবেদন। মহারাণী স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা ভাসানীর বাড়ি, বীরপ্রতীক তারামন বিবি, চিলমারী নদীবন্দরসহ জেলার নানা দিক উঠে আসবে প্রতিবেদনে।
আরও থাকছে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি ও ভাওয়াইয়া চর্চা নিয়ে বিশেষ প্রতিবেদন, চরাঞ্চলের জীবন-জীবিকা ও সম্ভাবনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নির্মিত ‘রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়’ বিষয়ক মানবিক প্রতিবেদন।
বিদেশি প্রতিবেদনে এবারে দেখা যাবে সিঙ্গাপুরের মনোরম সেন্ট জনস আইল্যান্ড ও কুসু দ্বীপ।
নিয়মিত চিঠিপত্র পর্বের পাশাপাশি থাকছে কাশেম টিভি’র সাংবাদিক ও নাতির মজার আলাপন এবং সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর নাট্যাংশ।
‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম।
নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিক্স লিমিটেড।
এই পর্বটি প্রচারিত হবে আগামী ৩১ অক্টোবর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।
আপনার মতামত লিখুন :