সেপ্টেম্বরে সিলেটের সড়কে ৩৫ জনের প্রাণহানি


admin প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ১৪:২৫ /
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ৩৫ জনের প্রাণহানি

সিলেটের সড়কে চলতি বছরে দ্বিতীয় সর্বোচ্চ প্রানহানির ঘটনা ঘটেছে গেল সেপ্টেম্বর মাসে।

গত মাসে সিলেটজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন। যা চলতি বছরের এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রানহানি। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে সিলেটের সড়কে সর্বোচ্চ ৩৬ জনের প্রানহানি ঘটেছিল।

গত সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত প্রতিবেদনে সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়। নিহতের মধ্যে ১২ জন মোটরসাইকেল এর চালক ও আরোহী রয়েছেন।

এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। কম সংঘঠিত হয়েছে মৌলভীবাজার জেলায়।

সেপ্টেম্বর মাসে সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১২ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ১১ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী, ১০ জন চালক ও ৬ জন পথচারী রয়েছেন।

এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ১৮টি দুর্ঘটনায় ১৬ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া সেপ্টেম্বর মাসে নিহত ৩৫ জনের মধ্যে ২৪ জন পুরুষ, ৭ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, আগস্ট মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৮২ জন আহত হয়েছিলেন।